নারী কর্মকর্তাকে হুমকির অভিযোগ অস্বীকার এমপি জলির
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে পাবনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
মঙ্গলবার বিকালে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ অস্বীকার করে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
নাদিরা ইয়াসমিন জলি পাবনা-সিরাজগঞ্জ এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ‘আমন্ত্রণ জানাতে দেরি হওয়ায়’ পাবনার মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানকে ‘থাপ্পড় দিয়ে এলাকা ছাড়া করার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এমপি নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি জলি বলেন, “আমাকে জড়িয়ে একটি অডিও এবং সংবাদ অনলাইনে প্রকাশ হয়েছে এবং ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি দেখে হতভম্ব হয়েছি; কারণ এটা আমার নয়। নারী দিবসে একজন মহিলা সংসদের বিরুদ্ধে এমন অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। খুবই কষ্ট পেয়েছি। কারণ আমি সার্বক্ষণিক নারীদের নিয়েই থাকি। নারীদের অধিকার নিয়ে কাজ করি।
“গতকাল সোমবার ঐতিহাসিক ৭ই মার্চের নানা অনুষ্ঠান নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলাম। তাহলে আমি তাকে কখন ফোন দিয়ে হুমকি দিলাম? বিষয়টি আমার বুঝে আসছে না। একজন দুর্নীতিবাজ নারীর এমন অভিযোগে আমি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত।”
কানিজ আইরিন জাহানকে ‘দুর্নীতিবাজ’ অ্যাখ্যা দিয়ে এমপি জলি বলেন, “তিনি পুরো জেলাজুড়ে বিভিন্ন মহিলাদের সাথে খারাপ আচরণ করেছেন। পরিদর্শকের নামে তিনি চাঁদা উত্তোলন করেন। অনেক ভালো ভালো এনজিও তিনি বাতিল করে দিয়েছেন। সেসব বিষয়ে আমরা প্রশ্ন করলে তিনি জানান কাগজপত্র ঠিক নেই। তাহলে শুরুতে কেন তাদের এনজিও অনুমোদন দেওয়া হয়?”
ভাইরাল হওয়া অডিও রেকর্ড অস্বীকার করে এই নারী সাংসদ বলেন, “আমি ওই নারী কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু আমার ফোন উনি রিসিভ করেননি। সামাজিক মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে সেই ফোন নম্বরটিও আমার নয়৷”
পাবনা সদর উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখার ফোন ব্যবহার করে কথা বলেছেন – সাংবাদিকরা বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, “এটি মিথ্যা ও বানোয়াট; কে কখন ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সেটি আমার জানার বিষয় নয়।”
সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি অভিযোগ করেন, “জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। ইতোমধ্যে তার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে অভিয়োগ দেওয়া হয়েছে। এর আগের জেলা প্রশাসক কবির মাহমুদও তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছিলেন। খুবই শিগগিরই তার বিরুদ্ধে তদন্ত হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।”
‘মিথ্যা অপবাদ দিয়ে ফোন রেকর্ড ফাঁস করার’ অভিযোগে কানিজ আইরিন জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নেহার আফরোজ জলি, জাতীয় মহিলা সংস্থা পাবনা শাখার চেয়ারম্যান শামীমা শিরিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইলি বেগম, হাসিনা খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা শামীমা শিখা প্রমুখ।
