উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে থেকে এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে কুতুপালং লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম শরীফ।
আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বয়সী এই যুবকের নাম ও পরিচয় তা’ক্ষণিকভাবে জানা যায়নি।
শরীফুল বলেন, সকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খেলার মাঠে মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল মৃতদেহটি উদ্ধার করে।
"তার শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।"
উখিয়া থানা পুলিশ মৃতদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
