২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্বামী-সন্তানকে ‘আটকে’ গৃহবধূকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী ও সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবেঁধে ‘ধর্ষণের’ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 02:59 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন বলেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাব্বি বলে জানালেও তার বিস্তারিত নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।     

এর আগে বুধবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে ধর্ষণ ও ডাকাতির মামলা করেন বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান জানান।

গৃহবধূর স্বামী অভিযোগ করেন, মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল দুর্বৃত্ত মাটির ঘরের সিঁদ কেটে ভেতরে ঢোকে।

পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও আমার কলেজেপড়ুয়া ছেলেকে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে। পরে তারা স্ত্রীকে ধর্ষণ করে।

তারা চলে যাওয়ার সময় ঘরে থাকা নগদ পাঁচ হাজার টাকা, বেশ কিছু স্বর্ণের গহনা, মোবাইল ফোন সেট ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি জানান।

তারা চার জনের বেশি ছিল বলে এই গৃহকর্তার ভাষ্য।

বুধবার সন্ধ্যায় ওই গৃববধূকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন বলেন, পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে রাব্বিকে গ্রেপ্তার করে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আদনান হোসেন বলেন, বাগেরহাট সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হওয়া ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের ব্যাপরটি নিশ্চিত হওয়া যাবে।

পুরনো খবর:

বাগেরহাটে স্বামী-সন্তানকে ‘আটকে’ গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’