খুলনার রহিমা কমপ্লেক্সে অগ্নিকাণ্ড
খুলনা নগরে একটি বিপণী কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।
সোমবার দুপুরে ডাকবাংলো মোড়ে ক্লে রোডে রহিমা কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, দুপুর পৌনে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আধঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
“সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়েছে।”
ওই শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, দুপুর পৌনে ৩টার দিকে রহিমা কমপ্লেক্সের চার তলার একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন লাগে। পরে তা পার্শ্ববর্তী কাপড়ের গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বিকাল সাড়ে ৩টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
