সুনামগঞ্জে নারীকে ৬ টুকরা: তিনজনকে ফের রিমান্ড
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের একটি ওষুধের দোকানে নারীর ছয় টুকরা লাশ উদ্ধারের মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার জগন্নাথপুর আদালতের বিচারিক হাকিম ইশরাত জাহান এই আদেশ দেন।
এর আগে প্রথম দফায় প্রত্যেক আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
এরা হলেন ঘটনাস্থল সেই ওষুধের দোকানের মালিক কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সইলা গ্রামের জিতেশ চন্দ্র গোপ (৩৫), একই গ্রামের অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর অলিপুর গ্রামের অসীত চন্দ্র গোপ (৩৬)।
গত ১৬ ফেব্রুয়ারি ওষুধ কিনতে বেরিয়ে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের এক সৌদিপ্রবাসীর স্ত্রী (৩৫) নিখোঁজ হন। তিন সন্তান ও ছোট ভাইকে নিয়ে জগন্নাথপুর পৌর শহরের বাড়িতে বাস করতেন তিনি।
১৭ ফেব্রুয়ারি বিকালে ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটে ‘অভি ফার্মেসি’ থেকে এই নারীর ছয় টুকরা লাশ উদ্ধার করা হয়। ওইদিনই জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেন ওই নারীর ভাই। মামলাটি তদন্ত করছে সিআইডি।
১৮ ফেব্রুয়ারি ঢাকার ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশ, অনজিৎ ও অসীতকে জগন্নাথপুর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআ্ইডি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক লিটন দেওয়ান বলেন, প্রথম দফায় আট দিনের রিমাণ্ডে অনেক তথ্য পাওয়া গেছে।আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য রিমান্ড চাওয়া হয়েছে; বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
