২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ওষুধের দোকান থেকে নারীর ৬ টুকরো লাশ উদ্ধার

সুনামগঞ্জে তালা ভেঙে ওষুধের দোকান থেকে এক নারীর ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 11:55 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

নিহত শাহনাজ পারভিন জোছনা (৩৫) জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তিন সন্তান ও ছোট ভাইকে নিয়ে জগন্নাথপুর পৌরশহরের বাড়িতে বাস করতেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল নামে একটি ওষুধের দোকান থেকে মৃতদেহের টুকরোগুলো উদ্ধার করা হয় বলে জানান জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান।

নিহত পারভিনের ছোট ভাই হেলাল আহমদ বলেন, নিজেদের ওই বাসায় তার বোন ২০১৩ সাল থেকে বাস করছিলেন। হেলালও ওই বোনের সঙ্গে থাকছিলেন।

“বোন ওই দোকানটিতে নিয়মিত ওষুধ কিনতেন। বুধবার বিকেলে বোন ওষুধ আনতে গিয়ে আর ফেরেননি। ওই ওষুধের দোকানে খুঁজতে গিয়ে দোকান বন্ধ পাই।বোনের মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করলে অপরিচিত এক নারী জানান, পারভিন সিলেটের ওসমানীতে আছেন। স্বজনরা সেখানে যোগাযোগ করে তার সন্ধান পাননি। পরে ওই নারীকে আবার বোনের মোবাইল নম্বরে ফোন করা হলে সেই নারী জানান, পারভিন পৌরশহরের আর্ট স্কুল এলাকায় আছেন। একেক সময় একেক কথা বলে বিভ্রান্ত করেন ওই নারী।”

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পরে পুলিশে যোগাযোগ করা হয় জানিয়ে হেলাল বলেন, “পুলিশ ও স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে যোগাযোগ করেও পারভিনের সন্ধান পায়নি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামকে নিয়ে তালাবদ্ধ সেই ওষুধের দোকানের তালা ভেঙে বোনের মরদেহের ছয়টি টুকরো উদ্ধার করে পুলিশ।”

“বুধবারবোন ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। এই টাকা তার সঙ্গে ছিল। এই টাকার জন্যই হয়ত দোকানমালিক ও তার লোকজন আমার বোনকে খুন করেছে। আমরা তাঁদের ফাঁসি চাই।”

পুলিশ দোকান থেকে একটি রক্তাক্ত ছুরিও উদ্ধার করেছে।

ওসি মিজানুর বলেন, “তালা ভেঙে আমরা রোগী দেখার টেবিলের নিচ থেকে বিছানার চাদর দিয়ে মোড়ানো ওই নারীর শরীরের ছয়টি টুকরো উদ্ধার করি। লাশ টুকরো করে অন্যত্র ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল।”

ঘটনার পর থেকে দোকানমালিক কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে জিতেশচন্দ্র গোপ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন বলে জানান ওসি মিজানুর।

তিনি বলেন, পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।