২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবি সভায় হট্টগোল, ৪ ঘণ্টা অবরুদ্ধ ভিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হট্টগোলের মধ্যে রিজেন্ট বোর্ডের সভা স্থগিত করায় উপাচার্য এম রোস্তম আলীকে চার ঘণ্টা ‘অবরুদ্ধ’ করে রেখে ক্ষোভ মিটিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 05:41 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

উপাচার্যের মেয়াদ শেষের ২৫ দিন আগে বৃহস্পতিবারের এই সভায় শতাধিক নিয়োগ, আপগ্রেডেশন, এমফিল-পিএইচডি ডিগ্রির অনুমোদনের কথা থাকলেও সেগুলো আটকে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে আগামী ২৪ জানুয়ারি এই সভা আবার অনুষ্ঠিত হতে পারে বলে রিজেন্ট বোর্ডের সদস্য পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জানিয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য সাহেব অনিয়ম করে তার নিকট আত্মীয়কে (ভাতিজিকে) নিজে নিয়োগ বোর্ডের সভাপতি থেকে নিয়োগ দেন। বিষয়টি আইনগতভাবে বৈধ নয়।“

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “নিয়োগ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে ভিসি সাহেব উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি সভা স্থগিত ঘোষণা করেন। স্থগিত সভা আগামী ২৪ জানুয়ারি আবার অনুষ্ঠিত হতে পারে।“

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

উপাচার্যের ‘দুর্নীতির’ বিরুদ্ধে পাবনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অবস্থান কর্মসূচি  

বেলা ১১টায় সভা শুরু হওয়ার পর সোয়া ১টার দিকে উপাচার্য স্থগিত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এম আব্দুল আলিম বলেন, “সভা স্থগিত ঘোষণা করার পরপরই ক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা উপাচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।”

তবে বিকাল পৌনে ৪টার দিকে উপাচার্যকে স্বেচ্ছায় মুক্ত করে দেন তারা।

অধ্যাপক আলিম বলেন, “উপাচার্যের মেয়াদ আছে আর মাত্র ২৫ দিন। আমরা যেটা শুনেছি পত্র-পত্রিকার মাধ্যমে, মেয়াদের একেবারে শেষ মুহূর্তে এসে উপাচার্য ১০২ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। উপাচার্য নিজের ভাতিজিকে নিয়োগ দেওয়ার জন্য বেআইনিভাবে নিয়োগ বোর্ডের সভাপতি হয়েছেন।

“তবে উপাচার্য সভাপতি ছিলেন না বলে দাবি করেছেন। কিন্তু উপাচার্য যে সভাপতি হিসেবে বিল নিয়েছেন তার ভাউচার এবং সভায় তার উপস্থিতির স্বাক্ষর দেখিয়ে নিয়োগ চূড়ান্তকরণে অস্বীকৃতি জানান রিজেন্ট বোর্ডের সদস্যরা। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। তখন উপাচার্য সভা স্থগিত ঘোষণা করেন।”

অধ্যাপক আলিম বলেন, “সভা স্থগিত করার কথা শুনে শিক্ষক ও অন্যরা এসে উপাচার্যের সঙ্গে দেখা করতে চান। কিন্তু উপাচার্য দেখা করতে চাননি। উপরন্তু উপাচার্য স্যার গাড়ি বের করে চলে যেতে চেয়েছিলেন। তখন শিক্ষক ও অন্যরা তাকে সেই কাজগুলো শেষ করে যেতে বলেন। কারণ এগুলো চার বছর ধরে আটকে আছে। এরপর শিক্ষকরা উপাচার্যকে তার কক্ষেই আটকে রাখেন।

“এখানে অনেকের পদোন্নতি, বিদেশ যাওয়ার ব্যাপার, পিএইচডি-এমফিল ডিগ্রির অনুমোদনের ব্যাপার রয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ও আছে।”

একই অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক শিক্ষক।

পাবনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগে ভিসির ঘুষ নেওয়ার অভিযোগ  

পাবনা বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘অডিও’ নিয়ে তদন্তের দাবিতে বিক্ষোভ  

নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম কনক বলেন, “উপাচার্য ভাতিজির নিয়োগ চূড়ান্ত করতে না পেরে সভা স্থগিত করেছেন। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমাদের পিএইচডি, এমফিল ডিগ্রি আটকে আছে। এটা এখন না হলে আমরা অনেক পিছিয়ে যাব। এটা দীর্ঘসূত্রিতার কারণ হবে।“ 

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপাচার্য কোনো কথা বলেননি। তিনি মুখ ঘুরিয়ে দ্রুত হেঁটে চলে গিয়েছেন।

ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে।

পাবনা থানার এসআই কামরুল ইসলাম বলেন, “এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”