দিনাজপুরে শিশুকে ‘তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ
দিনাজপুরের চিরিরবন্দরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার দক্ষিণ নান্দেড়াই মজিদপাড়ার আজগর আলীর ছেলে আব্দুস সামাদের (৩৭) বিরুদ্ধে এই অভিযোগে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে।
বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে মেয়েটির বাবার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মেয়েটির ভিকটিমের মা সাংবাদিকদের বলেন, বুধবার দুপুর ১২টার দিকে রাস্তা দিয়ে যওয়ার সময় প্রতিবেশী আব্দুস সামাদ তার মেয়েকে তুলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং দুপুর ২টা পর্যন্ত আটকে রাখে।
“দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় মেয়েকে খুঁজতে আশপাশে ডাকাডাকি করা হলে আব্দুস সামাদ বিপদ আঁচ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায়।”
এই সুযোগে মেয়ে সামাদের বাড়ি থেকে বের হয়ে আসে এবং তাকে ধর্ষনের ঘটনা জানায় বলে তার মায়ের ভাষ্য।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন এবং বিকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমকে ভর্তি করেন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, মামলা রেকর্ড করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।
