২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন: ৬ জনের যাবজ্জীবন

রাজশাহীর বাঘা উপজেলায় ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করে দুই বছর আগে খুন হয়েছিলেন নাজমুল হোসেন নামের এক ব্যক্তি। এ হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 02:20 PM

Updated : 28 Apr 2022, 11:35 PM

বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ মামলার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন-বাঘার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা, পানা, আরিফ হোসেন, শরিফ হোসেন ও লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান, সাজার পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদের জের ধরে ২০২০ সালের ১৪ জানুয়ারি বিকালে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নাজমুলের বাবা আজিজুর রহমান বাদি হয়ে বাঘা থানায় হত্যা মামলা করে। তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৫ জনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর চারজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় বিচার শিশু আদালতে চলছে।