২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে আলোকচিত্র প্রদর্শন

আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 11:00 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

সোমবার বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে 'আলোকচিত্রে এক দফা' ব্যানারে আন্দোলনের দিনগুলোতে তোলা ছবি প্রদর্শন করা  হয়।

উপাচার্য অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আন্দোলনের ১৬তম দিন সোমবার।

মঙ্গলবার রাত পর্যন্ত এ  প্রদর্শনী ব্যানার থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের এক শিক্ষার্থী। 

আন্দোলনকারীদের একজন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াছির সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 'আলোকচিত্রে এক দফা' উপাচার্যের পদত্যাগের আন্দোলনের অংশ।"

"এর মাধ্যমে আমরা তুলে ধরেছি শিক্ষার্থীদের প্রতি তার [উপাচার্যের] স্বৈরাচারী মনোভাব, তার নৃশংসতা। শিক্ষার্থীদের প্রতি তার এই নৃশংসতার পর আমরা বোঝাতে চাই তিনি এ ক্যাম্পাসে থাকার যোগ্য না।"

"আন্দোলনের শুরু থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের দ্বারা ক্যামারাবন্দি করা ছবিগুলো প্রদর্শন করা হয়েছে। দেড়শয়ের অধিক ছবি আমাদের ব্যানারে রয়েছে," যোগ করেন ইয়াছির।

বিশ্ববিদ্যালয়ের টং দোকানের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, "উপাচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ের 'টং দোকানগুলো' উঠিয়ে দিয়েছেন। প্রতিবাদস্বরূপ আমরা পাঁচটি 'চাষাভুষার টং' নির্মাণ করছি।” 

এ ধরনের দোকানে এক সঙ্গে আড্ডা, আলোচনা, গল্প, বিতর্কের মাধ্যমে সৃজনশীলতা বিকাশ হবে বলে সনে করেন এই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে প্রাধ্যক্ষের অপসারণের আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

এরপর পুলিশ অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে; কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে যান।

সাতদিন পর সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।

অনশন ভাঙলেও শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।