আইভীর বিরোধিতাকারীরা আগামীতে নৌকা পাবেন না, নানকের হুঁশিয়ারি
নারায়ণগঞ্জে নৌকা নিয়ে এমপি হওয়া কেউ কেউ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর বিরোধিতা করছেন অভিযোগ তুলে তাদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী কর্মী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নানক বলেন, “শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে এমপি হয়েছিলেন। আর সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন। জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দিব না।”
“কেউ কোনো ষড়যন্ত্র করে রেহাই পাবেন না” – এই সাবধানতা জানিয়ে এই আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতাদের সমালোচনা করেন কারো নাম উল্লেখ না করে।
নারায়ণগঞ্জের এক সাংসদকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “মনে রাখবেন নৌকা মার্কা শেখ হাসিনা দিছে দেইখা আপনি এমপি হয়েছিলেন। কি বুঝাতে পারছি? আকার ইঙ্গিতে বুঝাতে পারছি কি কইতে চাই? শেখ হাসিনা প্রার্থী দিয়েছেন আর শেখ হাসিনার সেই প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করছেন। আগামীতে নৌকা পাবেন না।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী ১৬ জানুয়ারি আপনারা নির্ধারণ করবেন আপনাদের ভাগ্য। পবিত্র আমানত আপনাদের হাতে। এই ভোটের আমানতই আগামী ৫ বছর কেমন যাবে তা নির্ধারিত হবে।
“মেয়র আইভী উন্নয়ন করেছে; আবার আইভীকে নির্বাচিত করলে এই উন্নয়ন অব্যাহত থাকবে। এই উন্নয়নে আরও গতির সঞ্চার করা হবে।”
তিনি ভোটারদের কাছে সেলিনা হায়াৎ আইভীর জন্য ভোট প্রার্থনা করেন।
“সেলিনা হায়াৎ আইভীকে শেখ হাসিনা যে স্নেহ, যে মায়া করেন সন্তানের মতো। আমি বিশ্বাস করি আইভী উন্নয়নের জন্য যা চাইবে শেখ হাসিনা দিয়ে দিবে, “ বলেন নানক।
বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংসদ নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
