দিনাজপুরের পথে ট্রেন চলাচল শুরু ১৩ ঘণ্টা পর
পার্বতীপুরে দুর্ঘটনার পর দিনাজপুরের পথে বন্ধ থাকা ট্রেন চলাচল প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
দিনাজপুর রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনসহ বগি অপসারণ এবং রেললাইন মেরামত শেষে বুধবার বিকাল ৫টা ২০ মিনিট ট্রেন চলাচল শুরু হয়েছে।
“দুর্ঘটনা কারণে সকাল থেকে আটকে থাকা দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেস বিকালে ঘটনাস্থল অতিক্রম করেছে।”
বুধবার ভোর ৪টায় পার্বতীপুরের দুর্গাপুর রেল ক্রসিংয়ে বিকল হয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন ‘দোলনচাঁপা’র পাঁচটি বগি উল্টে যায়, যার মধ্যে দুটি ফসলের ক্ষেতে পড়ে।
এরপর থেকে দিনাজপুরের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ থাকে।
দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক জানান, ট্রেন চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনটি প্রায় সব যাত্রী পার্বতীপুর ও ফুলবাড়ী স্টেশনে নামিয়ে দিয়ে দিনাজপুর যাচ্ছিল। সেখান থেকে আবার ঢাকায় ফেরার কথা ছিল।
রেলক্রসিংয়ের গেটম্যান আব্দুল গনির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনার পর আব্দুল গনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজছে।
দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে লালমনিরহাট বিভাগের ট্রাফিক সুপার খালেদুন নেসাকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে খালেদুন নেসা নিজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
