২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিকল ট্রাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় ট্রেন

দিনাজপুরে রেলক্রসিংয়ে বিকল ট্রাকে ধাক্কা দিয়ে ইঞ্জিনসহ ট্রেনের পাঁচটি বগি উল্টে গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 11:33 AM

Updated : 28 Apr 2022, 11:23 PM

এতে কেউ হতাহত না হলেও দিনাজপুরের সঙ্গে পার্বতীপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক জানিয়েছেন।

ওসি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, বুধবার রাত ৩টার দিকে বালুবোঝাই একটি ট্রাক দুর্গাপুর রেলক্রসিংয়ে বিকল হয়ে যায়। এর প্রায় এক ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। আর ইঞ্জিনসহ ট্রেনের পাঁচটি বগি উল্টে যায়। দুটি বগি উল্টে ফসলের ক্ষেতে পড়ে।

“ট্রেন চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।”

ট্রেনটি প্রায় সব যাত্রী পার্বতীপুর ও ফুলবাড়ী স্টেশনে নামিয়ে দিয়ে দিনাজপুর যাচ্ছিল। সেখান থেকে আবার ঢাকায় ফেরার কথা ছিল।

এদিকে রেলক্রসিংয়ের গেটম্যান আব্দুল গনির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনার পর আব্দুল গনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজছে।

দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে লালমনিরহাট বিভাগের ট্রাফিক সুপার খালেদুন নেসাকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে খালেদুন নেসা নিজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।