ঘন কুয়াশা: ৩ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ”কুয়াশার কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ রুটে চারটি কে-টাইপ (মিডিয়াম) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।”
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. জাকির হোসেন জানান, তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফেরি চলাচল করত। ওই মাসের শেষ সপ্তাহ থেকে ঘাট পরিবর্তন করা হয়। তখন ফেরি চলত শিমুলিয়া ঘাট থেকে নতুন স্থাপিত মাঝিরকান্দি পর্যন্ত।
কিন্তু গত বছরের জুলাই ও অগাস্ট মাসে একাধিকবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪৭ দিন ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনায় ফেরির মাস্টারদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এরপর দুর্ঘটনা এড়াতে গত ৪ নভেম্বর থেকে এ নৌরুটে চারটি মিডিয়াম ফেরিতে ছোট যানবাহন শুধু দিনের বেলা পারাপারের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। সেই সঙ্গে পদ্মা সেতু এড়িয়ে সোজাসুজি শিমুলিয়া-মাঝিরকান্দি নতুন নৌরুটে রাতে ফেরি চলাচল শুরু করে।
