২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমর ফাঁদ পেতে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পুলিশের স্ত্রী

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রী ধরা পড়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 12:07 AM

Updated : 02 Aug 2022, 02:29 PM

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর বিকন মোড়ের একটি বাড়ি থেকে মহানগর কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ফাতেমা খাতুন (তানিশা) রংপুর জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বরত পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী। তারা নগরীর বিকন মোড়ের ছয়তলা ওই ভবনটি তৃতীয় তলায় ভাড়ায় থাকেন।

তানিশার বাড়ি বগুড়ার সোনাতলা ও হাবিবুর রহমানের বাড়ি কুড়িগ্রামে।

আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির করা মামলায় তানিশাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।

প্রেমের ফাঁদে ফেলে তানিশা আশরাফুলের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে মামলায় আশরাফুল অভিযোগ করেছেন, বলেন ওসি রশিদ।  

সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিশা এ চক্রের হোতা ও অন্যান্য সদস্যদের তথ্য দিয়েছেন। তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত আছে।”

রংপুর মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইদানিং রংপুর মহানগর এলাকায় প্রেমের আড়ালে বিভিন্ন পুরুষকে ব্ল্যাক মেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি নানা ধরনের অপরাধে জড়াচ্ছে একটি চক্র। এর মধ্যে অনেকেই বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত আছেন।

গতকাল সোমবার দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের নিজ বাড়িতে থেকে একই ধরনের প্রতারণার অভিযোগে শাহারুখ করিম অনিক (৩৪) ও স্ত্রী আসমানী আক্তার (৩০) দম্পতিকে গ্রেপ্তার করে র‍্যাব-১৩।