২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজিতের ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ বিজয়ীর ছেলের বিরুদ্ধে

বগুড়ার ধুনটে ইউপি নির্বাচনে এক বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর ছেলের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 10:56 PM

Updated : 02 Aug 2022, 02:27 PM

মঙ্গলবার সকালে গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে বলে ধুনট থানার এসআই আসাদুজ্জামান জানান।

আহত বৈশাখ আহম্মেদ সম্রাট (১৯) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নেরর পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাসসুল বারীর ছেলে। শাসসুল বারী নৌকার প্রার্থী ছিলেন।

আহত বৈশাখ আহম্মেদ সম্রাটকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বৈশাখ আহম্মেদ সম্রাট জানান, মঙ্গলবার সকালে বাড়িতে কবুতরদের খাবার দিয়ে পাশেই নিজেদের ইট ভাটায় যাচ্ছিলেন। হঠাত একটি মোটরসাইকেলে তিনজন মুখ বেধে এসে ছুরিকাঘাত করে। চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।  

সম্রাট আরও বলেন, “নির্বাচনী বিরোধকে কেন্দ্রে করে গোসাইবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চুর ছেলে রাশেদুজ্জামান সবুজ ও তার লোকজন আমাকে ছুরিকাঘাতে আহত করেছে।” 

অভিযোগ অস্বীকার করে রাশেদুজ্জামান সবুজ বলেন, “গত ২৮ নভেম্বর নির্বাচন চলাকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা আমার বাবাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছি। ওই মামলার ২ নম্বর আসামি বৈশাখ আহম্মেদ সম্রাট। মূলত মামলা থেকে রক্ষার জন্যই ছুরিকাঘাতের নাটক সাজিয়েছে।”

নব নির্বাচিত চেয়ারম্যান মাছুদুল হক বাচ্চু বলেন, “আমাকে নৌকার প্রার্থী এবং তার ছেলেসহ আরও অনেকে ভোটের দিন কুপিয়ে, আঘাত করে  হাত ভেঙে দিয়েছে। মাথায় ও শরীরে অসংখ্য শেলাই পড়েছে।এখনও আমার ভাঙা হাত জোড়া লাগেনি। অসুস্থ হয়ে পড়ে আছি এখনও বাড়িতে।”

“আসলে আমার ছেলের করা মামলা থেকে উদ্ধার পেতে কাউন্টার মামলা।  এটা ষড়যন্ত্র। আমি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে নিরপেক্ষ তদন্ত চাই এবং আমাকে মারপিটের বিচার চাই।”

ধুনট থানার এসআই আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।