কক্সবাজারে পর্যটক ‘ধর্ষণ’: এজাহারের সর্বশেষ আসামি মেহেদী গ্রেপ্তার
কক্সবাজারে পর্যটককে ‘দলবেঁধে ধর্ষণের’ মামলায় এজাহারভুক্ত সর্বশেষ আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজার জোনের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের রুহুলার ডেইল ঘোনাপাড়ার পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান বাবু (২৫) কক্সবাজার শহরের বাহারছড়ার আবুল কাশেমের ছেলে। তিনি এই অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
এ নিয়ে মামলায় এজাহারভুক্ত চার জন এবং সন্দেহভাজন তিন জন গ্রেপ্তার হলো।
গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিন্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিনকে।
মহিউদ্দীন বলেন, সোমবার রাতে মামলার সর্বশেষ পলাতক আসামি মেহেদী হাসান বাবু কক্সবাজার উপজেলার খুরুশকূল ইউনিয়নের এক পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল বিশেষ কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ নিয়ে মামলার এজাহারভুক্ত ৪ জন এবং সন্দেহভাজন ৩ জন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন।
মহিউদ্দিন জানান, ইতিপূর্বে মামলায় গ্রেপ্তার আসামিদের প্রত্যেককে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক (২৮) কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
আশিককে গত ২৬ ডিসেম্বর রাতে মাদারীপুর থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করে র্যাব।
সোমবার সকালে আশিককে ঢাকা থেকে কক্সবাজার কারাগারে আনা হয়েছে। পরে দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।
ইতিপূর্বে মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
আরও পড়ুন
