কক্সবাজারে পর্যটককে ধর্ষণের মামলায় ৩ জন রিমান্ডে
কক্সবাজারে পর্যটককে দলবেঁধে ধর্ষণের মামলায় সন্দেহভাজন গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন বলে জানান মামলার তদন্তকারী সংস্থা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
এই তিন আসামি হলেন কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম সাহাবুদ্দিন (২৫), পশ্চিম বাহারছড়ার সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান (২৫) এবং চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের উলুবুনিয়ার মুক্তার আহমদের ছেলে মামুনুর রশীদ (২৮)।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারীকে তুলে নিয়ে তার স্বামী-সন্তানকে জিন্মি করে একটি আবাসিক হোটেলে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে।
পরদিন ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করেন।
তবে এই তিন জনের নাম মামলার এজাহারে নেই। আদালতে দেওয়া ওই নারীর জবানবন্দি ও পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের নাম এসেছে।
রোববার রাতে মামলার প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম আশিককে র্যাব মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে।
এর আগে বুধবার ঘটনার দিন রাতে এজাহারভুক্ত আরেক আসামি রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করেছিল। পরে শুক্রবার রাতে র্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
শনিবার ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মামলার এজাহারভুক্ত আসামি ইসরাফিল হুদা জয় ও মেহেদী হাসান বাবু এখনও গ্রেপ্তার হয়নি।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন কক্সবাজার শহরের বাহারছড়ার মৃত আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম আশিক, মো. শফিউদ্দিন শফির ছেলে ইসরাফিল হুদা জয় ও আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান বাবু এবং কক্সবাজার সদরের পিএমখালীর জসিম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ছোটন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “মামলায় সন্দেহভাজন গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।”
সোমবার রাতেই তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।
