২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক ’ধর্ষণ’: প্রধান আসামি আশিককে রিমান্ডে চায় পুলিশ

কক্সবাজারে পর্যটক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে ঢাকা থেকে কক্সবাজার কারাগারে আনা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2022, 06:55 PM

Updated : 28 Apr 2022, 11:21 PM

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকীর আদালতে রিমান্ডের এই আবেদন জানানো হয়। আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন দিয়েছেন।

এর আগে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে আশিককে ঢাকা থেকে কক্সবাজার কারাগারে আনা হয় বলে জানায় পুলিশ।

আশিক কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে।

আশিককে গত ২৬ ডিসেম্বর রাতে মাদারীপুর থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। তাকে ঢাকায় নেওয়ার পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর র‌্যাব কর্মকর্তারা দাবি করেছিলেন, চাঁদা ‘না দেওয়ার’ কারণে কক্সবাজারে ওই নারী পর্যটককে ধর্ষণ করার কথা আশিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিন্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয় আরো তিনজনের বিরুদ্ধে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিনকে।

মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয় ও রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি মেহেদী হাসান বাবু এখনো পলাতক রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার অন্য পাঁচ আসামিকেও রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধান আসামি আশিকের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ নানা অপরাধে ১৬টি মামলা রয়েছে। একটি ছিনতাই মামলায় তিনি গত ১৬ ডিসেম্বর জামিনে কারাগার থেকে বের হন।

আশিকের নেতৃত্বে অপরাধীদের সংঘবদ্ধ একটি চক্রও এসব অপরাধের সঙ্গে জড়িত বলেও গণমাধ্যমের কাছে দাবি করে ট্যুরিস্ট পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ঘটনায় আশিকের অন্যতম সহযোগী ইসরাফিল হুদা জয় একজন চিহ্নিত অপরাধী। জয়ের নামেও হামলা ও ছিনতাইয়ের অভিযোগে দুটি মামলা রয়েছে। সেও একাধিবার গ্রেপ্তার হয়েছিল। মামলার অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও নানা অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।