জাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিজয়ী উপাচার্যপন্থিরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থি শিক্ষকদের প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়েছে।
আওয়ামী লীগের একাংশ ও বিএনপির একাংশ থেকে সমন্বিত শিক্ষকদের প্যানেল পেয়েছে তিনটি পদ।
সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে ৬০৬ জনের মধ্যে ৫৭৮ জন শিক্ষক ভোট দিয়ে ১৫টি পদে প্রতিনিধি নির্বাচন করেন।
নির্বাচনে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ' দেয় একটি প্যানেল।
এ প্যানেল থেকে অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ সভাপতি ও অধ্যাপক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ প্যানেল থেলে কোষাধ্যক্ষ ছায়েদুর রহমান, সহ-সভাপতি ইসমত আরা, নির্বাহী পরিষদ সদস্য এম শামীম কায়সার, ফাহমিদা আক্তার, বুলবুল আহমেদ, নঈম আজিজ আনসারী, আকবর হোসেন, যুগল কৃষ্ণ দাস, সৈয়দ হাফিজুর রহমান ও সৈয়দা ফাহলিজা বেগম জয়ী হয়েছেন।
'মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ' ও বিএনপির একাংশ 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম' সমন্বয়ে গঠিত 'শিক্ষক ঐক্য ফোরাম' নামে শিক্ষকদের অপর একটি অংশের প্যানেল থেকে যুগ্ম-সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বিজয়ী হন।
এ প্যানেল থেকে নির্বাহী পরিষদ সদস্য পদে মনোয়ার হোসেন ও সোহেল রানা বিজয়ী হন।
সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে সহকারী নির্বাচন কমিশনার অনিরুদ্ধ কাহালি জানান।
