২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে ‘ব্যর্থ হয়ে’ গলা কেটে হত্যা, নারায়ণগঞ্জে যুবক গ্রেপ্তার

‘ধর্ষণে ব্যর্থ’ হয়ে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 09:46 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

গত বৃহস্পতিবার বিকালে শহরের খানপুর থেকে শাহ পরান রুবেল (৪০) নামের এই যুবককে গ্রেপ্তার হয়। রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ার আবুল খায়েরের ছেলে।

শুক্রবার দুপুরে আদমজী র‌্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান।

গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে ২৩ বছর বয়সী এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। নিহত এই নারীর বাড়ি বরগুনার আমতলী এলাকায় বলে র‌্যাব জানিয়েছে। দুই বোনকে নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন।

সংবাদ সম্মেলনে তানভীর মাহমুদ পাশা বলেন, ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় বাড়ির সামনে থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই মেয়েটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় শাহ পরানসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গত বৃহস্পতিবার শহরের খানপুর এলাকায় অভিযান চালিয়ে শাহ্ পরানকে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, শাহপরাণ রুবেল দীঘদিন ধরে পাঠানটুলী এলাকায় বসবাস করে আসছিলেন, যেখানে নিহত মেয়েটিও থাকতেন।

রুবেলের একাধিক স্ত্রী রয়েছে উল্লেখ করে এই র‌্যাব কর্মকর্তা বলেন, রুবেল আগে মেয়েটির বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন যা প্রত্যাখান করা হয়। এরপরও মাঝে-মধ্যেই তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।

“গত ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে বাসায় মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে এক পর্যায়ে তাদের বাসায় থাকা একটি ছুরি দিয়ে মেয়েটির পেটে উপর্যুপরি আঘাত করেন।”

এই ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে এররপ গলা কেটে মৃত্যু নিশ্চিত করে শাহপরান আত্মগোপনে যান বলে র‌্যাব কর্মকর্তা তানীভর মাহমুদ জানান।

শাহ পরান রুবেল প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব কর্মকর্তা জানান।