ফেনীতে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
পাওনা টাকা ফেরত চাওয়ায় ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরশুরাম থানার ওসি মো. খালেদ হোসেন জানান, মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন বাবুলের ঠিকদারি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন চৌধুরী (৪৬) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার দক্ষিণ কাউতলী গ্রামের চৌধুরী বাড়ির আবদুর রহমান চৌধুরীর ছেলে এবং ওই ইউপির সাবেক সদস্য বাবুলের ঠিকদারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।
ওসি বলেন, শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় শাহীনের স্ত্রীর ফিরোজা আক্তার ইউপি চেয়ারম্যান ভুট্টুসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও চেয়ারম্যান পলাতক রযেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ভুট্টুর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
