টেকনাফে ‘অপহরণকারী চক্রের সদস্য' আটক
কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় এই অভিযান চালানো হয় বলে জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটকরা হলেন হ্নীলার জাদিমুরা দমদমিয়ার নুর আলমের ছেলে মো. আব্দুল্লাহ (৩০) ও একই এলাকার মো. নুর আলমের ছেলে মো. আইয়াজ ওরফে রুবেল (২২)।
আটকদের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ‘সক্রিয় অপহরণকারী চক্রের সদস্য’ উল্লেখ করে তারিকুল বলেন, “তারা স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণের দাবিতে দুর্বৃত্তদের কাছে তুলে দেয়।”
অভিযানের বিবরণে তারিকুল বলেন, বিকালে হ্নীলার দমদমিয়ায় জনৈক নুর আলমের বাড়িতে অপহরণকারী চক্রের লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও দুই জন ধরা পড়ে।
"আটকরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় সংঘটিত স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের বিভিন্ন অপহরণ ঘটনার হোতা।”
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে – রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় অপহরণকারী চক্রের সদস্য। তারা স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদলের কাছে তুলে দিত।"
এদের বিরুদ্ধে অপহরণ ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ক্রয়-বিক্রয়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলাও রয়েছে বলে তারিকুল জানান।
আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।
