২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা বন্ধ

দুই বৈজ্ঞানিক কর্মকর্তা অব্যাহতি নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 10:26 PM

Updated : 01 Jun 2023, 06:25 PM

গত শুক্রবার থেকে তারা আরটি-পিসিআর ল্যাবে আর কাজ করছেন না বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

অব্যাহতি নেওয়া দুই কর্মকর্তা হলেন এস এম হাসান এ লতিফ ও হামিদ আহমেদ। তারা মূলত রাজশাহী মেডিকেল কলেজের বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা।

পরিচালক শামীম ইয়াজদানী বলেন, “ওনাদের (দুই বৈজ্ঞানিক কর্মকর্তা) নিজেদের ডিএনএ ল্যাবেই নাকি এখন কাজ বেড়ে গেছে। তাই অব্যাহতি নিয়েছেন। তারপরও আমি অনুরোধ করে ওনাদের কয়েকদিন কাজ করিয়েছি।

“তারা না থাকার কারণে ল্যাব বন্ধ। এখন নমুনা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে যেতে হচ্ছে।”

তিনি বলেন, “অব্যাহতি নেওয়া দুজনের মতো দক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা হাসপাতালে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দিয়েছি। জনবল পেলে ল্যাব চালাতে পারব।”

এস এম হাসান এ লতিফ বলেন, “আমাদের ডিএনএ ল্যাবেই এখন কাজের চাপ অনেক বেড়ে গেছে। তাই চলে এসেছি।

“আমরা এখান থেকেই বেতন পাই, মূল কাজটা তো এখানেই। ক্রান্তিকালে আমরা হাসপাতালে গিয়েছিলাম। কোনো রকম সম্মানী ছাড়াই কাজ করেছি।”