২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা কেন্দ্রে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 09:56 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

এ ঘটনায় ওই পরীক্ষার্থীর বাবা রোববার দুপুরে কলেজের আরবি বিভাগের শিক্ষক জাকিরুল ইসলামের নামে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এই ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

ভুক্তভোগীর বাবা বলেন, “শনিবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা ছিল। মেয়ের একটি বিষয়ের মানোন্নয়ন পরীক্ষার আসন পড়েছিল কলেজের অডিটোরিয়াম ভবনে।

“পরীক্ষা চলাকালে ওই কলেজের আরবি বিভাগের শিক্ষক জাকিরুল ইসলাম মেয়ের শরীরে বারবার স্পর্শ করে। পরীক্ষা শেষে মেয়ে পরিবারকে জানায়।“

তিনি বলেন, “একজন শিক্ষকের আচরণ কখনোই এমন হতে পারে না। আজ আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কাল অন্যের সঙ্গে যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই।”

ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে শিক্ষক জাকিরুল ইসলাম বলেন, “ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে হয়রানি করিনি। পরীক্ষার সময় তার হাত বেঞ্চ থেকে বারবার বের হয়ে যাচ্ছিল। তাই শুধু তার কনুই ধরে হাত ভেতরে রাখতে বলেছি।”

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী সাংবাদিকের বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। তবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”

কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক আব্দুল কাদেরের নেতৃত্বে তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহতাব হোসেন মন্ডল এবং আরবি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুর রশীদ। 

তাদের তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে অধ্যক্ষ শাহজাহান আলী জানান।