২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফুল বিক্রেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জ শহরে এক ফুল বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 12:27 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

সদর থানার ওসি শাহ্ জামান জানান, মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে শহরের আমলাপাড়া থেকে আব্দুল কাদের (৩৩) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা।

কাদের ওই এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। এলাকায় ফুল বেচে সংসার চালাতেন তিনি।

ওসি জামান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ছয়তলা একটি বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরীরের আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহত আব্দুল কাদেরের স্ত্রী শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী ফুলের দোকানে কাজ করতেন । আর তিনি পোশাক কারখানায় চাকরি করেন। সকালে তিনি কারখানায় যান। তার মেয়ে ও স্বামী বাসায় ছিলেন।

“রাত সাড়ে ১০টার দিকে ফোন পেয়ে হাসপাতালে গিয়ে স্বামীকে মৃত দেখতে পাই। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

তবে সন্দেহভাজন খুনি সম্পর্কে তিনি কিছু বলেননি।

এ ঘটনায় এখন মামলা হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান ওসি জামান।