কুয়েট শিক্ষকের মরদেহ কবর থেকে উত্তোলন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বুধবার সকাল ১০টায় মরদেহটি তোলা হয়। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ সাদাত সেখানে ছিলেন।
খুলনার খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বলেন, “আইনি পক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য কুয়েট শিক্ষক ড. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।”
গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট সেলিম (৩৮) মারা যান।
পরদিন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে দাফন করা হয়।
অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার পছন্দের লোককে হলের ক্যান্টিনে নিয়োগের জন্য চাপ দেন। ঘটনার দিন তার নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিমকে লাঞ্ছিত করেন, যা তাকে অসুস্থতা ও মৃত্যুর দিকে ঠেলে দেয়।
এ ঘটনায় এখনও মামলা হয়নি। অধ্যাপক সেলিমের স্ত্রী সাবিনা খাতুন চাইছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করুক। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।
উত্তেজনার মুখে ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।
ওসি প্রবীর বলেন, কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় গত ৪ ডিসেম্বর থানায় জিডি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনে ৫ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক ১৩ ডিসেম্বর লাশ উত্তোলনের অনুমতি দেন।
আরও পড়ুন:
