পাবনায় স্বতন্ত্র প্রার্থী নিহত: মামলায় আসামি নৌকার প্রার্থী
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনী সংঘাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ খানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
নিহত ইয়াসিনের বাবা মোজাম্মেল হক বাদী হয়ে শনিবার রাতে পাবনা সদর থানায় এ মামলা করেন বলে থানার ওসি আমিনুল ইসলাম জানান।
তিনি বলেন, মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামিসহ ৩৪ জনের নাম উল্লেখ এবং ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ভাড়ারা ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাড়া এলাকায় শনিবার সকালে নির্বাচনী প্রচারণা নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত হয়।
ওসি আমিনুল জানান, এ ঘটনার পর শনিবারই এই মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- ভাঁড়ারা ইউপির নলদহ চেয়ারম্যানপাড়া এলাকা থেকে অস্ত্র-গুলিসহ নলদহ গ্রামের দিরাজ সর্দারের ছেলে নজরুল (২৪) ও বকুল খাঁর ছেলে মুন্নাফ খাঁ (২২)।
ইয়াসিন আলমের লাশ ময়নাতদন্ত শেষে রোববার আওরঙ্গবাদ কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে নৌকার প্রার্থী আবু সাঈদ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি করেছেন।
