২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নির্বাচনী সংঘাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলিতে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 03:36 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন আলমের মৃত্যু হয়।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে সকালে দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতিকের আবু সাঈদ খানের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন।

“তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়অ”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।