কক্সবাজারে অপহৃত আরেক শিক্ষার্থী উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আরও এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব।
এ নিয়ে অপহৃত সব শিক্ষার্থীকে উদ্ধার করা হল।
শনিবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ান দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল খাইরুল জানান, ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় র্যাব ও এপিবিএন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অপহৃত তিন কিশোরকে উদ্ধার করে।
তাছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
উদ্ধার শিক্ষার্থীরা সবাই উখিয়া উপজেলার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। (তাদের বয়স জানা যায়নি।)
আটকরা হল-টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা নজির আহাম্মদের ছেলে নুর সালাম (৫০), নুর সালামের মেয়ে রনজন বিবি (১৩) একই ক্যাম্পের মোচনী পাড়ার আবুল কাদেরের ছেলে সাদ্দাম মিয়া, লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাহাঙ্গীর আলম ও মো. জাবেদ।
অপহরণে জড়িত থাকার অভিযোগ ওঠে জাহাঙ্গীর ও টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে। তারা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় বাতিঘর নামের এক আবাসিক কটেজের কর্মচারী। সেই সুবাদে তাদের সঙ্গে পেঁচারদ্বীপের চার কিশোরের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বলে স্বজনরা পুলিশকে জানান।
স্বজনদের অভিযোগ, গত ৭ ডিসেম্বর সকালে টেকনাফের সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে চার কিশোরকে নিয়ে যান জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিম। তারা তাদের আটকে রেখে মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন।
কর্নেল খাইরুল বলেন, উদ্ধার করা শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আর মোহাম্মদ ইব্রাহিমকে আটকের চেষ্টা চলছে।
