কক্সবাজারে তিন কিশোর উদ্ধার, আটক আরও ২
কক্সবাজারে অপহৃত চার কিশোরের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে; তাছাড়া অপহরণকারী সন্দেহে আটক করা হয়েছে আরও দুইজনকে।
একটি রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় র্যাব ও পুলিশ শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অপহরণের খবর পাওয়ার পর থেকেই তারা বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
প্রায় একই সময় একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আরও এক অপহৃত কিশোরকে উদ্ধার এবং অপহরণকারী সন্দেহে দুইজনকে আটক করেন বলে জানান র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম।
আটককৃতদের একজন হলেন জাহাঙ্গীর আলম, যার বিরুদ্ধে কিশোরদের বেড়ানোর কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। অন্যজনের নাম-পরিচয় বলতে পারেননি খাইরুল ইসলাম।
এর আগে সকালে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে তিন রোহিঙ্গাকে অপহরণকারী সন্দেহে আটক করে এপিবিএন।
অপহৃত চতুর্থ কিশোরকে উদ্ধারের জন্য পুলিশ ও র্যাব অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম ও খাইরুল ইসলাম।
অপহরণে জড়িত থাকার অভিযোগ ওঠা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিম টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তারা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় বাতিঘর নামের এক আবাসিক কটেজের কর্মচারী। সেই সুবাদে তাদের সঙ্গে পেঁচারদ্বীপের চার কিশোরের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বলে স্বজনরা পুলিশকে জানান।
স্বজনদের অভিযোগ, গত ৭ ডিসেম্বর সকালে টেকনাফের সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে চার কিশোরকে নিয়ে যান জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিম। তারা তাদের আটকে রেখে মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন।
