২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানপথের ভিসায় স্থলপথে ঢুকতে বাধা পেট্রাপোলে

বিমানপথের ভিসায় পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতে যেতে দিচ্ছে না বলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 10:22 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

বেনাপোল ইমিগ্রেশন পুলিশেল ওসি মোহাম্মাদ রাজু আহম্মেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এমন শতাধিক বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ফেরত পাঠানো সব যাত্রীর ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ ছিল জানিয়ে তিনি বলেন, এর আগে বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশনকে বিমানপথের ভিসার যাত্রীদের স্থলপথে না পাঠাতে অনুরোধ করে।

পেট্রাপোল ইমিগ্রেশনের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকালে দিল্লি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থলপথে গ্রহণ করা হবে না।

ওসি রাজু বলেন, করোনাভাইরাস মহামারীতে বিমান বন্ধ থাকায় ‘বাই এয়ার’ ভিসা নেওয়া যাত্রীদের মানবিক কারণে বেনাপোল স্থলপথে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছিল সে দেশের সরকার। তখন দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হত।

“বৃহস্পতিবার আমাদের না জানিয়েই আকস্মিকভাবে ভারতগামী বিমানপথের যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন।”

শুক্রবারও বিমানপথের ভিসার অনেক যাত্রী ফিরে গেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরাও এমন কাউকে আর স্থলপথে পাঠাচ্ছি না।”

হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের কামরুজ্জামান জানান, তার স্ত্রী-সন্তানদের ভিসায় ‘হরিদাসপুর’ লেখা থাকায় তাদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে।

“অথচ অনেক অনুরোধ করেও ‘বাই এয়ার‘ ভিসার কারণে আমাকে ভারতে যেতে দেওয়া হয়নি।”

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রয়েছে।”

করোনাভাইরাসের এই সময়ে যাতায়াত বিষয়ে তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর টেস্টে করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকলে ভারত গমন ও ভারত থেকে ফেরা যাচ্ছে। তবে যারা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেননি তাদের বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।