নারায়ণগঞ্জে রাইস মিলে আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জে সিটি গ্রুপের অটো ডাল অ্যান্ড রাইস মিলে আগুন লেগে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
মৃতরা হলেন- হযরত আলী (৫০) ও বেলায়েত হোসেন(৫০)।
তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শনিবার দুপুরে রূপগঞ্জের রূপসীতে সিটি ইকোনমিক জোনের অটো ডাল এন্ড রাইস মিলে আগুন লাগলে তিন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আগুনে ওই কারখানার দগ্ধ তিন শ্রমিককের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের শরীরের ৯১ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
সিরাজুল ইসলাম (৬০) নামের আরেক শ্রমিক এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
