নারায়ণগঞ্জে সিটি গ্রুপের রাইস মিলে আগুন, ৩ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জে সিটি গ্রুপের অটো ডাল অ্যান্ড রাইস মিলে আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
তাদের শরীরের ’৯০ থেকে ৯৯ শতাংশ’ পুড়ে গেছে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (রূপগঞ্জ) তানহারুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোনের কারখানাটিতে শনিবার বিকাল ৩টার দিকে আগুন লাগে।
“চালের হিট মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের তুষের গুদামে ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি।
আগুনে কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহারুল বলেন, তারা আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকদের নাম হযরত আলী (৫০), সিরাজুল ইসলাম (৬০) ও বেলায়েত হোসেন (৫০) বলে জানালেও তিনি তাদের পরিচয় বলতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “দগ্ধ তিন শ্রমিকেরা অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৯০ থেকে ৯৯ শতাংশ পুড়ে গেছে।”
সিটি গ্রুপের জিএম জাকির হোসেন আগুনের বিষয়ে বলেন, “ওই কারখানাটা আমি দেখি না। ওখানকার কারও সঙ্গে যোগাযোগ করুন।”
যোগাযোগের চেষ্টা করেও ওই কারখানার কাউকে পাওয়া যায়নি।
