নওগাঁয় ‘নির্বাচনী সংঘাতে’ আহত একজনের মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত একজন মারা গেছেন।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রানা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। এ ব্যাপারে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
রানা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নাসির উদ্দীন শাহার ছেলে।
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর অভিযোগ, গত ১২ নভেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের লোকজন তার একজন কর্মীকে মারধর করেন। এর জেরে পরে দুই পক্ষের সংঘর্ষে তার কয়েকজন কর্মী আহত হন। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে রানা সেখানে মারা যান।
আওয়ামী লীগ প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
