নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্যাসের বিস্ফোরণের ঘটনায় আহত আরও এক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঝুমা রাণীর (১৯) মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিন নারীর মৃত্যু হল।
গত শুক্রবার (১২ নভেম্বর) সকালে সদর উপজেলার সেহাচর লাল খাঁ এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে মুক্তার হোসেনের মালিকানাধীন পাঁচতলা বাড়ির নিচতলার দেয়াল উড়ে গিয়ে পাশের দুটি সেমিপাকা টিনশেড বাড়ির ওপরে গিয়ে পড়ে।
এ সময় নিচ তলার ফ্ল্যাটে আগুন ধরে আসবাবপত্র পুড়ে যায়। ওই ঘটনায় ঘটনাস্থলে মঙ্গলরাণী ও মায়া রাণীসহ দুই জনের মৃত্যু হয়।
পরে আহত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিট ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয় রোগীকে বার্ন ইউনিটে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঝুমা রানী ও তার মা তার মা তুলশী রাণী (৫৫) চিকিৎসাধীন ছিলেন।
“ঝুমা রাণীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আর তার মায়ের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। ”
