২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ফ্ল্যাটে ‘গ্যাস থেকে বিস্ফোরণে’ দুই নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাড়িতে গ্যাস জমে বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 11:53 AM

Updated : 10 Oct 2022, 06:23 PM

শুক্রবার ভোরে এ ঘটনায় উপজেলার সেহাচর লাল খাঁ এলাকায় মোক্তার হোসেনের পাঁচতলা বাড়ির নিচতলার পাঁচটি কক্ষের দেয়াল বিধ্বস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানিয়েছেন।

নিহতরা হলেন- মায়া রাণী (৪৫) ও শিবু রাণী (৩২)।

তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- সুনামগঞ্জ জেলার কালসী (৫৫), হৃদয় দাস (৪২), সদর উপজেলার লাল খাঁ এলাকার জনাল আবেদীনের ছেলে মো. নাসির (৩৩), আবেদ আলীর ছেলে মো. হোসেন (৩৩), জাহিদুল ইসলাম (৪৫), ঝুমা (২০), মনি (২৫) ও রুবেল (২২)।

তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে আব্দুল্লাহ্ আরেফিন বলেন,ভোর ৬টার দিকে বিস্ফোরণে মোক্তার হোসেনের ওই ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ছাড়াও একটি দোকান উড়ে যায় এবংপাশের বাড়ির সেমিপাকা তিনটি ঘরের দেয়াল ভেঙে গেছে।

“বিস্ফোরণের সময় দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মায়া রাণীর মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিবু রাণী মারা যান।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার ওই ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে গ্যাসে জমেছিল। ভোরে কেউ বৈদ্যুতিক সুইচ বা আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। ”

তদন্ত কমিটি গঠন

বিস্ফোরণে হতাহতের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

“বিস্ফোরণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। ”