২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে আ. লীগের বদলি প্রার্থী পুতুল রানী চেয়ারম্যান

সাম্প্রদায়িক হামলার আসামিকে বদলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া পুতুল রানী এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 07:26 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

তিনি বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নাসিরনগর সদর ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন।

এর আগে তিনি টানা চারবার এই ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। 

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে পুতুল রানী পেয়েছেন ৪ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মো. আব্দুল আহাদ আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪৮ ভোট।

পুতুল রানী সাংবাদিকদের বলেন, “প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছি। আবার নাসিরনগর সদরের প্রথম নারী চেয়ারম্যান। এ আনন্দ-অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”

গত ১২ অক্টোবর আওয়ামী লীগ নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করে। সেখানে ২০১৬ সালে হিন্দুদের উপর হামলার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের নাম দেখে ব্যাপক সমালোচনা উঠেছিল।

এরপর নাসিরনগর সদর ইউনিয়নে আবুল হাসেমের পরিবর্তে সাবেক ইউপি সদস্য পুতুল রানী এবং হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আঁখির পরিবর্তে মো. ওয়াসিম আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়।

২০১৬ সালের ৩০ অক্টোবর ফেইসবুকে গুজব রটিয়ে নাসিরনগরে হামলা চালিয়ে মন্দির ও হিন্দু পল্লীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

ওই ঘটনায় নাসিরনগর গৌরমন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। পরের বছর ১০ ডিসেম্বর ২২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ওই আসামিদের মধ্যে রয়েছেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল হাসেম এবং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি।

তারা দুজনই তখন গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে বেরিয়ে আসেন।

পুরনো খবর:

সমালোচনার পর নাসিরনগরে নৌকার ইউপি প্রার্থী বদল