২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় সড়ক-রেলপথ একসঙ্গে চালুর চেষ্টা চলছে: রেলমন্ত্রী

পদ্মা সেতুতে সড়ক ও রেলপথ একসঙ্গে চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 11:23 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

সোমবার বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় রেল লিঙ্ক প্রকল্প এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

সুজন বলেন, পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের ১৭২ কিলোমিটার রেল লাইন, যা ঢাকা থেকে যশোর পর্যন্ত যাবে। এই প্রকল্পটির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে তিনটি ভাগে পরিকল্পনা গ্রহণ করে কাজ চলছে।

“প্রথম ভাগ ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৭১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে; দ্বিতীয় ভাগ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের ৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং তৃতীয় ভাগ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮১ কিলোমিটার কাজের অগ্রগতি ৩৬ শতাংশ। পুরো প্রকল্পের কাজের গড় অগ্রগতি ৪৬ শতাংশ।”

মন্ত্রী বলেন, “যেহেতু ভাঙ্গা পর্যন্ত ফরিদপুরের দিক থেকে আগেই রেল লাইন রয়েছে, কাজেই ট্রেন যাতে আমরা ডে ওয়ান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতুর সড়ক পথ উদ্বোধন করবেন সেদিনই যাতে আমরা রেলকে পদ্মা সেতু অতিক্রম করাতে পারি ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত, সে পরিকল্পনা নিয়েই আমাদের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী আমাদের কনসাল্টেন্ট, আমাদের ঠিকাদারসহ সংশ্লিষ্টদের ওয়ার্কপ্ল্যান করার জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম। সেই পরামর্শ অনুযায়ী কাজ চলছে।”

তিনি বলেন, “দ্বিতীয় ভাগটি হচ্ছে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত। এটি আমাদের দ্বিতীয় প্ল্যান। এই প্ল্যান বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। কোনো কারণে যদি আমাদের ডে ওয়ান প্ল্যান ফেল করে অর্থাৎ ব্রিজের উপরের যে অংশ, ব্রিজ কর্তৃপক্ষ যখন পর্যন্ত রেলকে ব্রিজের উপর কাজ করার সুযোগ না দিবে, ততক্ষণ পর্যন্ত বিজের উপর রেলের কোনো কাজ আমরা করতে পারছি না। বাকি অংশে আমাদের কোনো বাধা নেই।

“প্রথম প্রধান্য হলো সড়ক। আগামী জুন মাসের মধ্যে পদ্মা সেতুর সড়ক পথ উদ্বোধনের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা রয়েছে সড়ক বিভাগের, সেখানে যদি তারা কোনোভাবে আমাদেরকে কাজ করার সুযোগ না দেয় তাহলে আমরা দ্বিতীয় যে চিন্তাটি অর্থাৎ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যাতে রেল পরিচালনা করতে পারি, সেই পরিকল্পনাই আমরা আজকে আলোচনা করেছি।

“কাজ করার সুযোগ না পাওয়ার কারণে যদি আমাদের প্রথম স্টেপটি ভেস্তে যায়, তাহলে আমরা দ্বিতীয় পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য হাতে নিয়েছি। যদি দ্বিতীয় প্ল্যানটি কার্যকর হয়, তাহলেও আমরা মনে করি যদিও একদিনে রেল ও সড়ক উদ্বোধন হলো না, তারপরও এই অংশটি যদি আমরা অপারেট করতে পারি তাহলে সেটা মিনিংফুল হবে।”

এর আগে প্রকল্প সংশ্লিষ্টরা মন্ত্রীকে মাওয়া রেল লিঙ্ক প্রকল্পের সাইট অফিসের সম্মেলন কক্ষে মাল্ডিমিডিয়া প্রজেক্টরে প্রকল্পের অগ্রগতিসহ সকল বিষয়ে অবহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সংসদ সদস্য ফজলে করীম, কমিটির সদস্য সাইফুজ্জামান শিখর, সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান মেজর জেনারেল মো. জাহিদ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।

পরে মন্ত্রী পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল প্রকল্প এলালাকা পরিদর্শন করে ভাঙ্গা পর্যন্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন তারা।