২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা যাত্রাবাড়ীতে স্ত্রী -সন্তান হত্যা মামলার আসামি বেনাপোলে গ্রেপ্তার

ঢাকা যাত্রাবাড়ীতে স্ত্রী ও সন্তানকে হাতুড়ি পেটা করে হত্যা মামলার আসামি এক ব্যক্তিকে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 11:23 AM

Updated : 07 Apr 2022, 11:35 PM

শনিবার বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ‘হোটেল বেনাপোল ইন্টারন্যাশনাল’ থেকে আগেরদিন অহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেন তারা।

অহিদুল ঢাকার উত্তর যাত্রাবাড়ি এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

গত সোমবার (৩০ অগাস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের বাসা থেকে অহিদুলের দেড় বছরের ছেলে রিশাদ ও তার স্ত্রী ২৭ বছর বয়সী রোমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অহিদুল পলাতক ছিলেন।

সেদিন লাশ উদ্ধারের পর ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সাংবাদিদের জানিয়েছিলেন, রোমা ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছেন, যেটা অহিদুলের হাতের লেখা বলে সন্দেহ করা হচ্ছে।

“সেখানে বলা হয়েছে, ফ্রান্স প্রবাসী একজনের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে সে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।” 

পুলিশ জানায়, অহিদুলের তার বাবা যাত্রাবাড়ীর স্থানীয় এক মসজিদের ইমাম। মা বিভিন্ন জায়গায় ‘টিউশনি’ করেন।

অহিদ নিজে নির্দিষ্ট কিছু করতেন না, তবে পরিবারের লোকজন বলেছেন, তিনি ‘ফ্রিল্যান্সিংয়ে’ কম্পিউটারের কাজ করতেন।

ওসি মামুন বলেন, অহিদুল ঢাকা থেকে এসে বেনাপোলের একটি আবাসিক হোটেলে অবস্থান করছে গোপন খবরে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে তাকে আটক করে।

তার বিরুদ্ধে স্ত্রী সন্তান হত্যার অভিযোগে ঢাকা যাত্রাবাড়ী থানায় ৩০ অগাস্ট মামলা হয়।

মামলার বরাতে ওসি বলেন, পরকীয়ার কারণে স্ত্রী রুমি আক্তারকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার পর দেড় বছরের শিশু রিশাদকে বালিশ চাপা দিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় অহিদুল।

গ্রেপ্তারের পর অহিদুল ইসলাম অসুস্থ বোধ করায় তাকে পুলিশের পাহারায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুরনো খবর:

‘হাতুড়ি পিটিয়ে’ স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামী পলাতক