‘হাতুড়ি পিটিয়ে’ স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামী পলাতক
রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসা থেকে দেড় বছরের শিশু সন্তানসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করার পর তার স্বামীকে খুঁজছে পুলিশ।
সোমবার মধ্যরাতে মীর হাজীরবাগের বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান।
২৭ বছর বয়সী ওই নারীর নাম রোমা আক্তার। তার ছেলের নাম রিশাদ। ঘটনার পর থেকে রোমার স্বামী অহিদুল ইসলাম অহিদ পলাতক।
পুলিশ কর্মকর্তা ইফতেখার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।… আমরা বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছি, যেটা ওই মহিলার স্বামীর হাতের লেখা বলে সন্দেহ করা হচ্ছে।
“সেখানে বলা হয়েছে, ফ্রান্স প্রবাসী একজনের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে সে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।”
রোমা ও তার ছেলের মৃতদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ছোট ঘরে বাবা মায়ের সঙ্গে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন অহিদ। তার বাবা স্থানীয় এক মসজিদের ইমাম। মা বিভিন্ন জায়গায় ‘টিউশনি’ করেন।
অহিদ নিজে নির্দিষ্ট কিছু করতেন না, তবে পরিবারের লোকজন বলেছেন, তিনি ‘ফ্রিল্যান্সিংয়ে’ কম্পিউটারের কাজ করতেন।
সহকারী কমিশনার রবিউল ইসলাম বলেন, “অহিদের বাবা সকালে বাসা বের হয়ে যান এবং মা বিকালে পড়াতে গিয়েছিলেন। রাতে বাসায় ফিরে অহিদের মা পুত্রবধূ ও নাতির লাশ দেখতে পান। এরপরেই জানাজানি হয়।”
অহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
