২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

নওগাঁর বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2021, 07:11 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

নিখোঁজ আবু শাহাদত শাহী সরদার (১৮) উপজেলা শহরের সরদারপাড়া মহল্লার একরামুল হক বাবুল সরদারের ছেলে। ঢাকায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন শাহাদাত।

নওগাঁর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, খবর পেয়ে মান্দা, নওগাঁ ও পত্নীতলা উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তাছাড়া নওগাঁ থেকে একটি ডুবুরি দলও গেছে। তারা উদ্ধারকাজ করছেন। এছাড়া বগুড়া থেকে আরও একটি ডুবুরি দল আসছে।

শাহাদাতের বন্ধুরা জানান, শনিবার বেলা ২টার দিকে কয়েকজন বন্ধু সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে যান। ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে শাহাদাত ডুবে যান। বন্ধুরা চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি তাকে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোর্শেদ বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে। তারা তাদের সাধ্যমত চেষ্টা করছেন।

উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন বদলগাছীর ইউএনও আলপনা ইয়াসমিন।