২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সেপটিক ট্যাংকে পড়ে বাবা-ছেলে নিহত

যশোরে সেপটিক ট্যাংকে পরে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 05:11 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

সোমবার সকালে জেলার চৌগাছা উপজেলায় এই দুইজনের প্রাণহানির ঘটনা ঘটে।

এরা হলেন চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু ঋষি (৪৬) ও ছেলে সাগর ঋষি (২৫)।

চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তার সহযোগীরা গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন।  সেখানে মধু ঋষি এক পর্যায়ে ট্যাংকের মধ্যে পড়ে যান।

“সংবাদ পেয়ে বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাবাকে উদ্ধার করতে ছেলে সাগর সেপটিক ট্যাংকে নামেন। তিনিও উঠে না এলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন।”

পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে সকাল ৯টার দিকে বাবা-ছেলের লাশ উদ্ধার করেন বলে এসআই বিপ্লব জানান।

যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বলেন, সকালে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেন।

“সেপটিক ট্যাংকের গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের অভিজ্ঞতা থেকে ধারণা করছি।”

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।