ময়মনসিংহে বৃদ্ধাকে ২ বার টিকা দেওয়ার অভিযোগ
ময়মনসিংহের ধোবাউড়ায় এক বৃদ্ধা তাকে একই দিনে দুইবার করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
খোদেজা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে টিকা প্রদানকারী কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তার বলেন, “একটি টিকা নেওয়ার পর শরীর দুর্বল থাকায় আমি চেয়ারেই বসেছিলাম। এরই মধ্যে আরেকটি টিকা দিয়ে দেয়। দুই টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়।”
ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন বলেন, “এমন ঘটনা ঘটেনি। উনি বয়স্ক তাই কী মনে করে বলছেন আমাদের জানা নেই।”
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র দেখে টিকা দেওয়া হয়। এখানে দুইবার টিকা দেওয়া সম্ভব নয়। ওনি বৃদ্ধা হওয়ায় একটি টিকা দিতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
ওই বৃদ্ধা এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
এখানে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিকুজ্জামান বলেন, “বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে প্রকৃত ঘটনাটি কী। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
চলমান গণটিকা কার্যক্রমের মধ্যে দেশের বিভিন্ন স্থানে একই সময়ে দুইবার টিকা দেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
