কুষ্টিয়ায় যুবককে হত্যার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাছ চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার ছেলেদের বিরুদ্ধে।
নিহত জসিম উদ্দিন (৩০) উপজেলার ১ নম্বর খোকসা ইউনিয়নের রওশন আলীর ছেলে।
এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী বিশ্বাস। তার স্ত্রী রোকেয়া খাতুন এবং ভাইপো আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, আয়ুব আলী সোমবার গভীর রাতে তার পুকুরে মাছ চুরির সময় এক চোরকে আটক করেছেন বলে থানায় খবর দেন।
“পরে পুলিশ গিয়ে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় জসিম নামের ওই যুবককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।”
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুজ্জামান সোহেল বলেন, জসিমকে সোমবার রাতে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় গভীর ক্ষত দেখা গেছে।
“জসিমকে তাৎক্ষণিভাবে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছিলেন কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু মস্কিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।“
এ বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায় নি।
