টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে নিবাসীর ‘আত্মহত্যার চেষ্টা’
গাজীপুরে টঙ্গীতে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে এক নিবাসী আত্মহত্যার চেষ্টা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে গাজীপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ারুল করিম জানান।
১৬ বছর বয়সী এই কিশোরের বাড়ি কিশোরগঞ্জের ঈশ্বরগঞ্জ এলাকায়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারুল করিম সাংবাদিকদের বলেন, “শুনেছি ওই নিবাসী টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের তিন বা চারতলা ছিল। সেখানে থাকাকালে অন্য নিবাসীর সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হলে তাকে সম্প্রতি দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়।”
“এ সময় অন্য নিবাসীরা টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে এবং তাকে উদ্ধার করে।”
তিনি জানান, তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়; সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তার গলায় দাগ সৃষ্টি হলেও চিকিৎসার পর বর্তমানে ওই নিবাসী সুস্থ আছেন বলে তিনি জানান।
এই বিষয়ে টঙ্গীর জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহম্মদ এহিয়াতুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।
