নরসিংদীতে উদ্ধার বন্যপ্রাণী সাফারি পার্কে
নরসিংদীর আশরশিনগর পার্ক ও মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এসব পশু-পাখি সাফারি পার্কে হস্তান্তর করা হয় বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. জহির আকন জানান।
জহির আকন বলেন, নরসিংদীর সদর থানার এলাকার আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে বেশকিছু দেশী-বিদেশী পাখি ও বন্য প্রাণি খাঁচায় আটকে রাখা হয়েছে বলে গোপন খবর ছিল। সে প্রেক্ষিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে বন্য প্রাণীগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো অবমুক্ত করার জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এদের মধ্যে বানর ও গন্ধগোকুল ভাওয়াল ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়েছে। পাখিগুলোকে সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
আর অন্যান্য প্রাণীগুলো সাফারি পার্কে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
