২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবক খুন, গ্রেপ্তার ৩

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ‘টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে শত্রুতার জেরে’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 12:33 AM

Updated : 02 Aug 2022, 05:53 PM

শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

গ্রেপ্তারা হলেন, আমিনুল ইসলাম সুমন (৪০), শরীফ আহমেদ জীবন (৩৫) এবং মো. প্রবীন (২২)।

নিহত হিমেল (৩৫) দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল কান্দাপাড়ার এক ভাড়া বাসার বাসিন্দা জালাল উদ্দিন জালুর ছেলে।

নিহতের মা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সাতজনের নামসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

ওসি আজাদ জানান, নিহতের সঙ্গে তার বন্ধু জাহাঙ্গীরের ২৫ হাজার টাকা ধার দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বিরোধ ছিল। এছাড়াও জাহাঙ্গীর কিছু দিন আগে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। জাহাঙ্গীর মনে করেছিল হিমেলই তাকে ধরিয়ে দিয়েছিলেন।

এর জেরে গত বুধবার রাতে কাওটাইল মেইন রোড এলাকায় হিমেলকে একা পেয়ে জাহাঙ্গীর ও তার সহযোগীরা লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

পরে হিমেলের বাবা গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে স্যার সলিমল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হিমেলের মৃত্যু হয় বলেন ওসি।

তিনি বলেন, “এ ঘটনায় জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাহাঙ্গীরের সঙ্গে বিরোধের জেরে তারা হিমেলকে পিটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।”

তবে হত্যাকাণ্ডের হোতা জাহাঙ্গীর এখনও পলাতক রয়েছেন। তাকেসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেন ওসি।