সিরাজগঞ্জে ‘নিখোঁজ যুবকের’ গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলার চরবেলতৈল গ্রামের এক ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান।
নিহত আব্দুর রহমান (৪০) ওই গ্রামের শামসুল প্রামনিকের ছেলে।
ওসি শাহিদ মাহমুদ খান বলেন, স্বজনরা ঘটনাস্থলের পাশে পড়ে থাকা জামা, লুঙ্গি ও স্যান্ডেল দেখে পরিচয় শনাক্ত করেছে। তারপরও পরিচয় নিশ্চিত হতে নিহতের ডিএনএ পরীক্ষা করা হবে।
তিনি জানান, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোবাইলে ফোন পেয়ে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এরপর স্বজনরা তার নিখোঁজের বিষয়ে থানায় সাধারন ডাইরি করলে তদন্ত শুরু করে পুলিশ। এ অবস্থায় রোববার সকালে ওই ধান ক্ষেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
দুপুরে সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ওসি আরও জানান, নিহতের শরীরের অনেকাংশ গলে গেছে। শিয়াল-কুকুরও খেয়েছে কিছু অংশ। ধারনা করা হচ্ছে আলামত নষ্ট করার জন্য হত্যার পর তার মুখমন্ডলসহ শরীরে এসিড ঢেলে ঝলসে দেওয়া হয়েছিল বলেন তিনি।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।
