রাবির নতুন ছাত্র উপদেষ্টা তারেক নূর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর।
বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে রেজিস্ট্রার আব্দুস সালাম জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানের ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন বাতিল করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হলো।
এই পদে আগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর স্থলাভিষিক্ত হলেন তিনি।
দায়িত্বে যোগদানের সময় প্রক্টর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৮ এই পদ থেকে লায়লা আরজুমানকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন দায়িত্ব পাওয়া তারেক নূর ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে (অনার্স) প্রথম শ্রেণিতে তৃতীয় ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন।
তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ২০০৬ সালে রাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মো. তারেক নূর ভারতের রাষ্ট্রপতি পদক লাভ করেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির একজন সদস্য।
